বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা, চাঁদপুর ও ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকেরা। এসব কর্মসূচি থেকে ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিচারের দাবি জানানো হয়।
মঙ্গলবার (২ জুন) সকালে ঝিনাইদহ শহরের শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংকের সামনে ‘সচেতন গ্রাহক’ ব্যানারে ৩ ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক গ্রাহক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা নষ্ট হচ্ছে। এর ফলে গ্রাহকদের আস্থা কমার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একই দিন বেলা ১১টায় চাঁদপুরের জেএম সেনগুপ্ত রোডে ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন গ্রাহক ও ব্যবসায়ীরা। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এস আলম গ্রুপ ব্যাংকটি লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এই হস্তক্ষেপ বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এছাড়াও মঙ্গলবার সকালে সাতক্ষীরায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘গ্রাহক সমন্বয় পরিষদের’ ব্যানারে মানববন্ধন পালিত হয়। প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল এবং এস আলম গ্রুপের চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
তিন জেলার এসব কর্মসূচিতে বক্তারা একমত হয়ে বলেন, দেশের কোটি কোটি মানুষের আস্থার এই ব্যাংকটিকে বাঁচাতে এবং সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আপনার মতামত লিখুন