রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সচিব ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহন পারাপার, যাত্রীসেবা এবং অবকাঠামোগত সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে বলেন, ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সব যানবাহন ও যাত্রীকে সতর্কভাবে ফেরিতে ওঠানামা করতে হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে আসা ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের ডালার শিকল ছিঁড়ে সরাসরি নদীতে পড়ে যায়। বাসের যাত্রীরা আগে থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি ডুবে যাওয়ার সময় চালক জানালা দিয়ে বেরিয়ে সাঁতরে তীরে ওঠেন এবং সহকারী পন্টুনে লাফ দিয়ে প্রাণে বাঁচেন।
এর আগে গত ২৫ মার্চ এই ফেরিঘাটেই ‘সৌহার্দ্য পরিবহন’–এর একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৬ জন যাত্রীর মৃত্যু হয়েছিল।
পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশলী এ কে এ এম ফজলুল হক ও প্রধান প্রকৌশলী মহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন