গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামের এক যাত্রীর দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশনের সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত রিপন মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে বোনারপাড়া স্টেশনে যাত্রাবিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি গাইবান্ধার অভিমুখে রওনা হওয়ার পরপরই সিগন্যাল এলাকার কাছে রিপন মিয়া নিচে পড়ে যান। ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর বোনারপাড়া রেলওয়ে থানা-পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ‘দুর্ঘটনায় যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর রিপন মিয়ার জ্ঞান থাকলেও তিনি গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন এবং অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে যান।
আপনার মতামত লিখুন