নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আপেল মাহমুদ (২৯), আলেফা বিবি (৪৫) ও আব্দুল মতিন (৪০)। নিহত আব্দুল হামিদ ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী হায়দার আলী শাহের সঙ্গে আব্দুল হামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। আজ সকালে হায়দার আলী তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। আব্দুল হামিদ সেখানে বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়েছিলেন। বাধা দিতে গেলে তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন