টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লোকেরপাড়া-লুুহুরিয়া সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিশেষ করে সড়কের উন্নয়নকাজ মাঝপথে বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে স্থানীয় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান। এই সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার (৯ জুন) সকালে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।
উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার এলাকায় বিধ্বস্ত সড়কে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৪ সালে সড়কটির সংস্কারকাজ শুরু করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না করে মাঝপথেই কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে দীর্ঘ দুই বছর ধরে এই এলাকার মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
শহিদ ছালাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরে সড়কের বেহাল দশার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই চলে গেছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত রাস্তাটি সংস্কার করা জরুরি।’
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলার কারণে এই রাস্তায় চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে। এতে যাতায়াতে সময় বেশি লাগছে এবং রিকশা-ভ্যানে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
আনেহলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম খান ও খায়েরপাড়া বাজার কমিটির সভাপতি হামিদুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মানববন্ধনে অংশ নিয়ে অবিলম্বে সড়কের অসমাপ্ত কাজ শেষ করার দাবি জানান। অন্যথায় আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
আপনার মতামত লিখুন