টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের আড়ালে মাদক কারবার এবং মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এক যুবককে কারাদণ্ড ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, মধুপুর বাসস্ট্যান্ড এলাকার ‘কানন’ মিষ্টির দোকানে মশা-মাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫০ হাজার টাকা এবং ‘ধনবাড়ী মিষ্টি ঘর’-এ ওজনে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় ‘চাঁদের হাসি’ নামক একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মাদক কারবারের অভিযোগে মো. রাকিব (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মধুপুরের বিভিন্ন এলাকায় কফি হাউজের নামে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টে মাদক কেনাবেচাসহ নানা অসামাজিক কার্যকলাপ চলছে। অনেক শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে এসব জায়গায় আড্ডা দেয়। আজকের অভিযানেও বেশ কিছু শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরা অবস্থায় পাওয়া গেলে তাদের সতর্ক করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মাদক কারবারের অভিযোগে এই জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানকালে মধুপুর থানা-পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
আপনার মতামত লিখুন