টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (১৭ জুন) দুপুর দুইটার দিকে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান ও ওষুধ সরবরাহ সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দেখতে পান, হাসপাতালের ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও কর্মীর মধ্যে অর্ধশতাধিক অনুপস্থিত। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব কর্মীর সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কারও যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয়, তাহলে অন্য জায়গায় চলে যাবেন।’
প্রতিমন্ত্রীর আগমনের খবর পেয়ে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা তাকে ঘিরে ধরেন। তারা হাসপাতালের নানা অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগ শুনে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি প্রায় পরিত্যক্ত ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
শৌচাগারের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানিয়ে প্রতিমন্ত্রী হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে ব্যাখ্যা চান। হাসপাতালকে দ্রুততম সময়ের মধ্যে ঢেলে সাজানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘হঠাৎ পরিদর্শনে আসার উদ্দেশ্য ছিল প্রকৃত অবস্থা দেখা। হাসপাতালে মাদক সেবন বা বহিরাগতদের আড্ডা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে রোগীরা অনিরাপদ বোধ করছেন।’
শৃঙ্খলা নিশ্চিত করতে হাসপাতালে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অনিয়ম দূর করে উন্নত সেবা নিশ্চিত করতে হবে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া ও টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন