ফরিদপুর সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিবুল হোসেন (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিবুল হোসেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে রিবুল হোসেন তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে করিমপুর হাইওয়ে থানার অদূরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সচিব রিবুল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও সামান্য আহত হয়েছেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন