টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের দুই দিন পর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে সেজুঁতি (৮) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবন সংলগ্ন পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত সেজুঁতি সখিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। গত শনিবার (২০ জুন) বিকেলে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বাবা।
এদিকে আজ বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান মুঠোফোনে নিহত শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, ‘আমি ইউএনও ও ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। আমি নিজেও আপনাদের পাশে আসব। সেজুঁতি কীভাবে পুকুরে পড়ল, তা খতিয়ে দেখা হবে।’
উপজেলা পরিষদ চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় এই মৃত্যুর ঘটনা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন