কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে টেকনাফ উপজেলা শহীদ মিনার, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও শোডাউনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে টেকনাফে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবির পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে বেআইনি কর্মকাণ্ডের চেষ্টা হতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। বিশেষ করে অনুমতি ছাড়া মিছিল বা জনমনে আতঙ্ক সৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি আরও জানান, জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
এদিকে বিজিবির টহল ও কড়া নিরাপত্তার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন