আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ফেনী শহর জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। এরপর ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে জামায়াত নেতারা বলেন, বিগত সরকারের আমলে হওয়া সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবদুর রহিম, জেলা জামায়াতের সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, শহর জামায়াতের আমির প্রকৌশলী নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, গুম ও খুনের রাজনীতির অবসান ঘটিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। মহিপাল গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
আপনার মতামত লিখুন