আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি ও ‘তৎপরতা’ ঠেকাতে চাঁদপুরে রাজপথে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন ইউনিয়নে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড প্রতিহত করতে সকাল সাতটা থেকেই চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের নতুন বাজার মোড়ে অবস্থান নেন। এ ছাড়া বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শহরমুখী একটি বড় প্রতিবাদ মিছিল বের করে জেলা যুবদল।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সদর উপজেলার শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়নেও বিক্ষোভ মিছিল হয়েছে। এ ছাড়া শহরের ৭ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী এ কে এম সলিম উল্যা বলেন, ‘আওয়ামী লীগের যেকোনো গোপন পরিকল্পনা ও অপতৎপরতা রুখতে প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকেই পাড়া-মহল্লায় মিছিল ও সভা হয়েছে। আজ রাজপথে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন।’
শহরের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদেরও মিছিল করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন