কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনীর হোসেন (২১) ওই ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন। তিনি বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল পাটের বস্তাবোঝাই একটি ট্রাক। দশমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে এবং দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সহকারী মনীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু প্রতিকারের কোনো উদ্যোগ নেই।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে। বিষয়টি হাইওয়ে থানাকে জানানো হয়েছে।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’
আপনার মতামত লিখুন