নওগাঁর মান্দায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট এলাকায় পথরোধ ও বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ফেরিঘাট এলাকায় মহাসড়ক অবরোধ করেন অটোরিকশা মালিক সমিতির সদস্যরা। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই অবরোধে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অটোরিকশা চালক ও মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ রয়েছে। বাস মালিক গ্রুপের পক্ষে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে এই নিয়ম তদারকি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী তোলাকে কেন্দ্র করে মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন তাকে মারধর করেন। এর প্রতিবাদেই মহাসড়ক অবরোধ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংগঠনের সভাপতি আল মামুন বলেন, ‘শ্রমিক ইউনিয়নের সদস্যরা প্রায়ই চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের নেতার ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহসভাপতি রুকনুজ্জামান বলেন, নিষিদ্ধ সময়ে মহাসড়কে যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ দ্রুত গিয়ে মহাসড়কের অবরোধ তুলে দিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন