উচ্চশিক্ষায় কোরীয় মডেল: ডিগ্রির বাইরে কর্মসংস্থানের নতুন পথ
বাংলাদেশে শিক্ষিত তরুণদের বেকারত্ব এখন বড় উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণায় দেখা গেছে, প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করেন। তাদের মধ্যে কর্মসংস্থান হয় মাত্র সাত লাখ মানুষের। ফলে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বেকার থাকছেন। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে। এই পরিস্থিতি আমাদের প্রচলিত উচ্চশিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।দেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র বেসরকারি খাত। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, মোট কর্মসংস্থানের বড় অংশ এ খাতের ওপর নির্ভরশীল। তৈরি পোশাকশিল্প একাই প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার যথাযথ সংযোগ তৈরি হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও অনেক তরুণ কাজ পাচ্ছেন না। আবার শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী খুঁজে পেতে সমস্যায় পড়ছে।এ অবস্থায় শিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। অন্যদিকে, কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে না পারায় দেশ জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগও হারাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন সংস্থার গবেষণায় এ সমস্যার নানা দিক উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষিত তরুণদের বেকারত্ব শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এটি রাষ্ট্রীয় ও পারিবারিক সম্পদের অপচয়। তাই উচ্চশিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। এই প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা উন্নয়ন মডেলদক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি উন্নত অর্থনীতি। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র, বিনিয়োগকারী ও সরকারি সংস্থার মধ্যে কার্যকর সংযোগ তৈরি হয়েছে।দেশটির হানইয়াং বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারত্ব এবং নতুন উদ্যোগের জন্য সহায়তা একই ব্যবস্থার আওতায় যুক্ত করা হয়েছে। ফলে শিক্ষার্থী ও গবেষকেরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ পান।কুকমিন বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাস টাউন মডেলে বিশ্ববিদ্যালয় ও নগর কর্তৃপক্ষের সমন্বয়ে নতুন উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হয়। কোরিয়া ইনস্টিটিউট অব স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (কিসেড) গ্লোবাল স্টার্টআপ সেন্টার বিদেশি উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেয়। অরেঞ্জ প্ল্যানেট অর্থায়ন, কর্মপরিসর ও পরামর্শকের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ায়। ইওয়া উইমেন্স ইউনিভার্সিটি নারী উদ্যোক্তা তৈরি এবং বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী দল গঠনে গুরুত্ব দেয়।ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে একটি ইনকিউবেশন সেন্টার হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে এটি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাবেক শিক্ষার্থীদের জন্য বিস্তৃত উদ্যোক্তা সহায়তা ব্যবস্থায় পরিণত হয়েছে। এখানে ব্যবসার ধারণা যাচাই, পরামর্শ, গবেষণার বাণিজ্যিক প্রয়োগ, বিনিয়োগ সংগ্রহ এবং বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়।এসব উদ্যোগের মূল শিক্ষা হলো, উদ্যোক্তা তৈরি শুধু প্রশিক্ষণ দেওয়ার বিষয় নয়। এর জন্য প্রয়োজন ধারাবাহিক সহায়তা, গবেষণার সুযোগ, অর্থায়ন, বাজারের সঙ্গে সংযোগ এবং নীতিগত সহযোগিতা।বাংলাদেশের সামনে যে সুযোগজাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। কর্মক্ষম মানুষের এই বড় অংশ দেশের জন্য জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগ তৈরি করেছে। তবে এই সুবিধা আপনা-আপনি পাওয়া যায় না। কর্মক্ষম জনগোষ্ঠীকে উপযুক্ত শিক্ষা, দক্ষতা ও উৎপাদনশীল কাজের সুযোগ দিতে হবে। এই সুযোগ চিরস্থায়ীও নয়। তাই তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার উদ্যোগ এখনই নিতে হবে।সরকারের নির্বাচনী অঙ্গীকারেও কর্মসংস্থান সৃষ্টি, কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয় শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারে। গবেষণাকে নতুন পণ্য ও সেবায় রূপ দিতে পারে। শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগ গড়ে তুলতেও সহায়তা করতে পারে।দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য পাঁচটি শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।প্রথমত, উদ্যোক্তাদের জন্য বিচ্ছিন্ন কর্মসূচির পরিবর্তে একটি সমন্বিত সহায়তাব্যবস্থা গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থী ব্যবসার ধারণা তৈরি থেকে শুরু করে বিনিয়োগ ও বাজারজাতকরণ পর্যন্ত যেন একই ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পান।দ্বিতীয়ত, মেধাস্বত্ব সংরক্ষণ, শিক্ষক-উদ্যোক্তা কার্যক্রম এবং গবেষণার বাণিজ্যিক প্রয়োগ নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন।তৃতীয়ত, শুধু কতজনকে প্রশিক্ষণ দেওয়া হলো, তা দিয়ে কর্মসূচির সাফল্য বিচার করা যাবে না। দেখতে হবে কতটি উদ্যোগ টিকে থাকল, কত বিনিয়োগ এল এবং কত মানুষের কর্মসংস্থান হলো।চতুর্থত, উদ্যোক্তা শিক্ষা ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। প্রথমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এরপর ব্যবসার ধারণা বিকাশ এবং সবশেষে বাস্তব উদ্যোগ প্রতিষ্ঠায় সহায়তা দিতে হবে।পঞ্চমত, এই প্রক্রিয়ায় শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, নারী, গবেষক ও সাবেক শিক্ষার্থীদেরও যুক্ত করতে হবে।বিশ্ববিদ্যালয় ৩.০: জ্ঞান থেকে কর্মসংস্থানআন্তর্জাতিক আলোচনায় ‘বিশ্ববিদ্যালয় ৩.০’ ধারণাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও সামাজিক মূল্য সৃষ্টির বিস্তৃত ভূমিকা বোঝায়। এটি কোনো সর্বজনস্বীকৃত আনুষ্ঠানিক শ্রেণিবিন্যাস নয়; বরং আধুনিক বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভূমিকার একটি ধারণাগত কাঠামো।বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও সক্ষমতা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর দপ্তর, উদ্ভাবন কেন্দ্র ও ব্যবসায়িক ইনকিউবেশন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। এসব কেন্দ্র শিক্ষার্থী ও গবেষকদের ব্যবসার ধারণা যাচাই, নমুনা পণ্য তৈরি, মেধাস্বত্ব সংরক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে সহায়তা করবে।একটি কার্যকর উদ্যোক্তা পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভেতরের চারটি পক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। এগুলো হলো প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অশিক্ষক কর্মচারী। প্রশাসন প্রয়োজনীয় নীতি ও বাজেট নিশ্চিত করবে। শিক্ষক গবেষণা, উদ্ভাবন ও পরামর্শদানে যুক্ত হবেন। শিক্ষার্থীরা নতুন উদ্যোগ গ্রহণ করবেন। আর অশিক্ষক কর্মচারীরা প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেবেন।বিশ্ববিদ্যালয়ের বাইরেও কয়েকটি পক্ষকে যুক্ত করতে হবে। সরকার নীতি ও অর্থায়নের সহায়তা দেবে। শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তি ও বাজারের সঙ্গে সংযোগ তৈরি করবে। নগর কর্তৃপক্ষ ও স্থানীয় জনগোষ্ঠী বাস্তব সমস্যা ও চাহিদা তুলে ধরবে। বিনিয়োগকারীরা প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করবেন। সাবেক শিক্ষার্থীরা পরামর্শ ও যোগাযোগের সুযোগ তৈরি করবেন। বিশ্ববিদ্যালয় এসব পক্ষের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবে।তবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই উদ্যোক্তা মডেল কার্যকর হবে না। কৃষিপ্রধান অঞ্চলের বিশ্ববিদ্যালয় কৃষিপ্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে কাজ করতে পারে। উপকূলীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় সামুদ্রিক সম্পদ ও জলবায়ু অভিযোজন নিয়ে নতুন উদ্যোগ গড়ে তুলতে পারে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগে নেতৃত্ব দিতে পারে। এভাবে বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষিত জনশক্তি তৈরিই করবে না, স্থানীয় অর্থনীতিরও চালিকাশক্তি হয়ে উঠবে।ডিগ্রি নয়, কর্মসংস্থানই হোক সাফল্যের মাপকাঠিউচ্চশিক্ষায় বিনিয়োগের সুফল শুধু কতজন স্নাতক তৈরি হলো কিংবা কতটি গবেষণাপত্র প্রকাশিত হলো, তা দিয়ে মাপা যথেষ্ট নয়। দেখতে হবে, কত নতুন উদ্ভাবন বাস্তবে রূপ পেল, কতটি উদ্যোগ প্রতিষ্ঠিত হলো এবং কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলো। একই সঙ্গে গবেষণা ও শিল্পের মধ্যে সম্পর্ক কতটা শক্তিশালী হলো, সেটিও বিবেচনায় নিতে হবে।বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে যুক্ত করা। এ জন্য বিশ্ববিদ্যালয়, সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়াতে হবে। সরকারকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করতে হবে। আর বেসরকারি খাতকে নতুন ধারণা ও উদ্যোগের পাশে দাঁড়াতে হবে।উচ্চশিক্ষাকে কর্মসংস্থানমুখী করতে এখনই কার্যকর সংস্কার প্রয়োজন। বর্তমান সরকারের সংস্কার কর্মসূচিতে বিষয়টি যথাযথ গুরুত্ব পাবে এবং দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের উপযোগী একটি উদ্যোক্তাবান্ধব উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।(লেখকের নিজস্ব মত)[লেখক: সাবেক ডিন, ব্যবসায় ও অর্থনীতি অনুষদ এবং সিন্ডিকেট সদস্য, সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ]