সংবাদ
সংবাদ

মানবিক সৌন্দর্যময় জনপদের গল্প

শেখর ভট্টাচার্য
শেখর ভট্টাচার্য
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

মানবিক সৌন্দর্যময় জনপদের গল্প
সহিংসতা ও নানা অসাম্প্রদায়িক কর্মকাণ্ড আমাদের গভীরভাবে ভাবায়

সিলেট শহরকেন্দ্র থেকে চার-পাঁচ মাইল দূরের একটি অনন্য সুন্দর জনপদের নাম আখালিয়া। অবস্থানগতভাবে আখালিয়াকে সিলেটের শহরতলি বলা হতো একসময়। সেই আখালিয়া এখন সিলেট সিটি করপোরেশনের একটি ওয়ার্ড। মহানগরের হাওয়া প্রকৃতির অপার সৌন্দর্যকে ক্রমান্বয়ে বিলীন করে দিচ্ছে। আখালিয়া এখন যথারীতি ইট-পাথরের কুৎসিত বাগানে রূপান্তরিত হতে যাচ্ছে।

আখালিয়া যেমন প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর ছিল, সেই জনপদের মানুষগুলোর অন্তরও প্রকৃতির মতো অনিন্দ্যসুন্দর, মানবিকতায় পরিপূর্ণ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিতে অনন্য। অপরিকল্পিত নগরায়ণের বিষাক্ত ছোঁয়া প্রাকৃতিক সৌন্দর্যকে প্রায় ধ্বংস করে দিলেও মানুষের হৃদয়ের মানবিকতা, সম্প্রীতিকে ধ্বংস করতে পারেনি এখনো কেউ।

অপূর্ব সুন্দর আখালিয়ার যে সময়ের কথা তুলে ধরার চেষ্টা করছি, সে সময়ে সর্বার্থেই জনপদটিকে প্রকৃতিকন্যা বলা যেত। শহরতলির জনপদ হলেও বিদ্যুতের বাতির আলো গিয়ে পৌঁছায়নি তখনো। ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তরের দশকের মাঝামাঝি সময়ের কথা। সিলেট শহরের পাশে টিলাবেষ্টিত এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারত না আখালিয়ায় যাওয়া নতুন কোনো মানুষ। আখালিয়ার বাড়িঘরগুলো ছিল ছোট ছোট টিলার ওপর। টিলাগুলো সবুজে পরিপূর্ণ ছিল। দূর থেকে মনে হতো, সবুজ কোনো নদীর ঢেউকে যেন প্রকৃতি স্থির করে রেখেছে। সেই সবুজ ঢেউয়ের টিলাগুলোতে অজস্র গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। নাম জানা-না জানা নানারকম পাহাড়ি ও দেশি গাছ। গাছগুলোতে পাখপাখালির কোরাস ডাকে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করত। কত বিচিত্র রকমের পাখি। ফিঙে, শ্যামা, দোয়েল, কোকিল—কোন পাখি ছিল না?

আখালিয়ার সন্ধ্যা! আহা, সে এক অপরূপ দৃষ্টিনন্দন দৃশ্য। গোধূলিবেলা পার হওয়ার পরপরই টিলাগুলোর নিচ থেকে আখালিয়ার আরেক অনিন্দ্যসুন্দর রূপ। সন্ধ্যাপ্রদীপ জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে টিলাগুলোর গায়ে গায়ে মনে হতো দীপাবলির উৎসব। প্রতিদিন সন্ধ্যায় দীপাবলি—এরকম জনপদ কোথাও আছে কি না, জানি না। দীপাবলি হয়তো আছে, সে দীপাবলি কৃত্রিম। যা দেখলে চোখের স্বাদ মেটে, মনের স্বাদ মেটে না। আখালিয়ার দীপাবলি চোখ ও মনের স্বাদ দুটোই মিটিয়ে দিত।

প্রকৃতি আখালিয়াকে আরও কত কিছু উপহার দিয়ে সাজিয়ে রেখেছিল। ছোট ছোট ঝরনা। শহরলাগোয়া কোনো জনপদে প্রাকৃতিক ঝরনা দেখা যায়? বাংলাদেশে, জানামতে, বাড়ির মধ্যে দিয়ে ঝরনা বয়ে যাওয়ার দৃশ্য আমার জানা নেই। আখালিয়ার একটু উঁচু টিলাতে বিখ্যাত মজুমদার বাড়ি। মজুমদার বাড়ির অবস্থান ঠিক টিলাতে বললে ভুল হবে। পাহাড় বলা যেতে পারে। পাথরের সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের এক বাঁক থেকে অন্য বাঁকে উঠতে হতো। মজুমদার বাড়ির মূল উঠোনে আসতে প্রায় বিশ-পঁচিশ মিনিট সময় লেগে যেত। উঠোনে এসে নিশ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হওয়ার আগেই সবার চোখ আটকে যেত আসাম স্থাপত্যের অপূর্ব নকশার বাড়িটি দেখে। বাড়ির চেয়ে বাড়ির পেছনের পাহাড় বেয়ে নেমে আসা ছোট ছোট ঝরনার বয়ে চলার দৃশ্য দেখে যে কোনো দর্শনার্থী প্রকৃত অর্থেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়তেন।

আগেই বলেছি, আখালিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে সবাই মিলে ধ্বংস করলেও মানবিক সৌন্দর্যের গায়ে কেউ আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। আখালিয়া এখন একটুকরো স্বপ্নের বাংলাদেশ হয়ে দাঁড়িয়ে আছে। কী এমন গল্পগাথা আখালিয়ার সোনার মানুষেরা তৈরি করেছেন? হ্যাঁ, সে গল্প মূলত শাশ্বত বাংলাদেশের গল্প। যে গল্পকে ফিরিয়ে আনার জন্য তেইশ বছর লড়াই করেছে বাংলাদেশ। প্রচুর দাম দিয়ে কিনতে হয়েছিল স্বাধীনতা এবং বিজয়কে। ত্রিশ লাখ তাজা প্রাণ, আরও কত কত ত্যাগ। গণসংগীতশিল্পী আবদুল লতিফের সেই গানের কথার মতো, “(আমি) দাম দিয়ে কিনেছি বাংলা কারও দানে পাওয়া নয়। (আমি) দাম দিছি প্রাণ লক্ষ-কোটি জানা আছে জগৎময়।” সেই দামের বিনিময়মূল্য খুব কম জনপদই দিতে পেরেছে। আখালিয়ার মানুষেরা তৈরি করেছেন একটি সুবর্ণ ভূমি। যে ভূমিতে একই উঠানে অবস্থান করে মসজিদ, মন্দির আর বৌদ্ধবিহার।

সহিষ্ণুতা, সম্প্রীতি, মানুষে মানুষে ভালোবাসার অমন উদাহরণ বাংলাদেশে আর আছে কি না, আমার জানা নেই। একই আঙিনার একপাশ থেকে আজানের মধুর ধ্বনি ভেসে আসে, আরেক পাশে সন্ধ্যাপূজার ঘণ্টা বাজে, তার পাশেই উচ্চারিত হয় জগতের সকল মানুষ সুখী হওয়ার জন্য প্রার্থনা। মসজিদের মিনার, মন্দিরের চূড়া, বৌদ্ধবিহারের উঁচু দালানের মধ্যে কোনো বিভেদ নেই; আছে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার আহ্বান। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদককে তিন ধর্মের ধর্মগুরুরা বললেন, একে অপরের আচার-অনুষ্ঠানে কীভাবে সহায়তা করেন। তাঁদের মধ্যে কী যে সহমর্মিতা, তাঁদের কথাতেই তা প্রকাশিত হয়। তিনজনের সহিষ্ণুতা, মানুষের প্রতি ভালোবাসার কথাগুলো শুনে মনে হয়েছে, স্বপ্নের এই সুবর্ণভূমি থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। শুধু কি ধর্মগুরুরা এই সম্প্রীতি বয়ে এনেছেন? এলাকার সমাজনেতা, জনপ্রতিনিধিরাও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এরকম মহৎ কাজে।

কেমন করে শুরু হলো এই সহমর্মিতার গল্প? ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যার বাড়িতে স্থাপিত হয়েছে, সেই মহান সমাজকর্মীর নাম বীরেশ চন্দ্র ভট্টাচার্য। বীরেশ চন্দ্র ভট্টাচার্যকে মানুষ সংক্ষেপে বি. সি. ভট্টাচার্য নামে সম্বোধন করত। দীর্ঘদেহী এই সমাজকর্মী, মানবতাবাদী মানুষ যখন সাইকেল চালিয়ে শহরের দিকে যেতেন, মনে হতো রূপকথার রাজকুমার পঙ্খিরাজে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। যদিও তিনি সমাজের জন্য অনেক কাজ করে গেছেন, লোকে তাঁকে জানত একজন শখের শিকারি হিসেবে। শোনা যায়, আখালিয়া গ্রামে যখন বাঘের হামলা হতো, বি. সি. ভট্টাচার্যের বন্দুক তখন গর্জে উঠত। ১৯৮৫ সালে বিপুল সম্পত্তির লোভে দুর্বৃত্তরা গভীর রাতে তাঁর ঘরে ঢুকে গলায় ধুতি পেঁচিয়ে হত্যা করে। ভেবেছিল, চিরকুমার বীরেশ চন্দ্র ভট্টাচার্যকে হত্যা করে তাঁর বিপুল সম্পত্তি কুক্ষিগত করবে। সেটা সম্ভব হয়নি আখালিয়ার সমাজনেতা ও সাধারণ মানুষের জন্য। এই মানুষগুলো যে ভিন্ন ধাঁচে গড়া। তাঁরা এই হত্যাকাণ্ডের পরপরই একত্রিত হন। ধর্মগ্রন্থকে সাক্ষী রেখে শপথ নিলেন, বীরেশ চন্দ্রের সম্পত্তি কোনোভাবেই ব্যক্তিগতভাবে কাউকে ব্যবহার করতে দেবেন না। তাঁদের দৃঢ় ইচ্ছা ও শত বছরের সম্প্রীতির বন্ধনের ঐতিহ্যে তৈরি হয় তিনটি ধর্মের উপাসনালয়। শুধু কি উপাসনালয়? এর সঙ্গে সঙ্গে বি. সি. ভট্টাচার্যের ভূমিতে স্থাপিত হয় বীরেশ চন্দ্র ভট্টাচার্য উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠিত হয় সিলেটের একমাত্র শুটিং ক্লাব এবং অসাম্প্রদায়িকতার প্রতীক, সম্প্রীতি ও সহমর্মিতার সাধক বাউল আবদুল করিমকে আরও উন্মোচিত করার উদ্দেশ্যে পথচলা শুরু করে বাউল আবদুল করিম গবেষণাগার। কী অপূর্ব সব প্রতিষ্ঠান, কী অপূর্ব পরিকল্পনা!

আখালিয়ার মানুষেরা মানবিকতার বাণীকে, সম্প্রীতির পতাকাকে পতপত করে উড়িয়ে দিয়ে এসব প্রতিষ্ঠান চালাচ্ছেন সেই পঁচাশি সালের পর থেকে। ভেবে দেখুন পাঠকেরা, এরকম সম্প্রীতির উদাহরণ সারা দেশে কয়টা তৈরি করতে পেরেছি আমরা। এরকম অসামান্য গল্প কি আমাদের চেতনাকে সামান্য হলেও নাড়া দিয়ে যায় না?

সহমর্মিতা, সম্প্রীতির অভাবে বাংলাদেশ কিছুটা উত্তপ্ত সময় পার করছে। সহিংসতা ও নানা অসাম্প্রদায়িক কর্মকাণ্ড আমাদের গভীরভাবে ভাবায়, ভয়ে আঁতকে উঠি অনেকে। জাতির মধ্যে বিভ্রান্তি, বিভাজন, বিচ্ছিন্নতা তৈরির অপচেষ্টা চলছে নানা উপায়ে। আসুন, আমরা সবাই একবার ঘুরে আসি আখালিয়ার ব্রাহ্মণশাসন গ্রাম থেকে। আখালিয়ার এই গ্রাম এই দুঃসময়ে আমাদের সম্প্রীতি, ভালোবাসা, সহমর্মিতা দিয়ে অনেক আশার বাণী শুনিয়ে যায়। আমাদের পথ দেখায়, সাহস জোগায়। অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার পথনকশা তৈরি করে দেয়। শুধু বাংলাদেশ কেন, জগতের সকল অসহিষ্ণু, অস্থির, স্বার্থান্ধ মানুষেরা আখালিয়ার ব্রাহ্মণশাসন গ্রামের মানুষের ভালোবাসার দর্শন থেকে শিক্ষা নিতে পারেন। সকলের আমন্ত্রণ, মানবিকতা শেখার এই পাঠশালায়। সিলেটবাসী হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সগর্ব আহ্বান।

[লেখক: প্রাবন্ধিক ও কবি]

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মানবিক সৌন্দর্যময় জনপদের গল্প

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত