সংবাদ
সংবাদ

মতামত

পারিবারিক বিরোধ: অধিকার রক্ষায় প্রয়োজন আইনি সচেতনতা

বাবার মৃত্যুর পর রেখে যাওয়া জমি ও বাড়ির উত্তরাধিকারী তিন ভাইবোন। কিন্তু সম্পত্তি বণ্টনের সময় দুই ভাই নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ করে নিলেও বোনকে তার প্রাপ্য অংশ দিতে রাজি নন। প্রথমে বোন পারিবারিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু ভাইদের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাকে আদালতের দ্বারস্থ হতে হয়। যে পরিবারের সদস্যরা একসময় একসঙ্গে সুখে দুঃখে দিন কাটিয়েছেন, সম্পত্তির বিরোধে তারাই এখন একে অপরের প্রতিপক্ষ।এমন ঘটনা আমাদের সমাজে অপরিচিত নয়। পারিবারিক সম্পর্কের ভেতরেই কখনো সম্পত্তি নিয়ে বিরোধ, কখনো দাম্পত্য কলহ, আবার কখনো ভরণপোষণ কিংবা সন্তানের অভিভাবকত্ব নিয়ে জটিলতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে বিরোধের শুরু হয় সামান্য ভুল বোঝাবুঝি থেকে। কিন্তু সময়মতো সমাধানের উদ্যোগ না নেওয়া, অধিকার সম্পর্কে অসচেতনতা এবং আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একপর্যায়ে পারিবারিক আলোচনার জায়গা নেয় আইনি লড়াই।পারিবারিক বিরোধকে তাই কেবল ব্যক্তিগত বা সামাজিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তির আইনগত অধিকার, দায়িত্ব, সম্পত্তি, নিরাপত্তা এবং সন্তানের ভবিষ্যৎ। এসব বিষয়ে যথাযথ সচেতনতা থাকলে অনেক বিরোধের সমাধান আদালতের বাইরে সম্ভব। আবার প্রয়োজন হলে আইনগত প্রতিকার নেওয়ার পথও পরিষ্কার থাকে।দাম্পত্য বিরোধে অধিকার ও দায়িত্বদাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে। কিন্তু সেই বিরোধ যখন ভরণপোষণ না দেওয়া, দেনমোহর পরিশোধে অনীহা, নির্যাতন কিংবা বিবাহবিচ্ছেদের পর্যায়ে পৌঁছায়, তখন আবেগের পাশাপাশি আইনগত বিষয়গুলো বোঝা জরুরি।ধরা যাক, দাম্পত্য সম্পর্কের অবনতির পর একজন স্বামী মৌখিকভাবে তালাক দেওয়ার কথা জানালেন। স্ত্রীও আলাদা বসবাস শুরু করলেন। কিন্তু পরবর্তী সময়ে তালাকের কার্যকারিতা, দেনমোহর ও ভরণপোষণ নিয়ে বিরোধ দেখা দিল। কারণ, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে শুধু মৌখিক ঘোষণা নয়, প্রযোজ্য আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করাও গুরুত্বপূর্ণ।মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭ ধারায় তালাকের নোটিশ ও কার্যকারিতা সম্পর্কে বিধান রয়েছে। অন্যদিকে পারিবারিক আদালত আইন, ২০২৩ অনুযায়ী বিবাহবিচ্ছেদ, দেনমোহর ও ভরণপোষণসংক্রান্ত বিরোধ পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত। ফলে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া প্রয়োজন।এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিবাহবিচ্ছেদ মানেই সব আইনগত দায়দায়িত্বের অবসান নয়। দেনমোহর, প্রাপ্য ভরণপোষণ এবং সন্তানের দায়িত্বের মতো বিষয়গুলো প্রযোজ্য আইন অনুযায়ী নিষ্পত্তি করতে হয়।পারিবারিক সহিংসতা: নীরবতা কি সমাধান?পারিবারিক বিরোধের আরেকটি গুরুতর দিক হলো সহিংসতা। আমাদের সমাজে অনেক নারী সামাজিক চাপ, আর্থিক নির্ভরশীলতা কিংবা পরিবারের সম্মানের কথা বিবেচনা করে নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে চান না। আবার অনেক ক্ষেত্রে শারীরিক আঘাত না থাকলে মানসিক ও অর্থনৈতিক নির্যাতনকেও গুরুত্ব দেওয়া হয় না।অথচ পারিবারিক সহিংসতা শুধু শারীরিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ নয়। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এ শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষার বিধান রয়েছে।উদাহরণ হিসেবে, একজন নারীকে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অর্থ দেওয়া হচ্ছে না, তার সম্পদ ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে কিংবা নিয়মিত অপমান ও মানসিক নির্যাতন করা হচ্ছে। পরিস্থিতি ও আইনের শর্ত পূরণ সাপেক্ষে এসব ক্ষেত্রে তিনি আইনগত সুরক্ষা চাইতে পারেন। এই আইনে সুরক্ষা আদেশ, বসবাসসংক্রান্ত প্রতিকারসহ বিভিন্ন ধরনের প্রতিকারের ব্যবস্থা রয়েছে।পারিবারিক বিষয় বলে নির্যাতনকে উপেক্ষা করা উচিত নয়। সম্পর্কের মর্যাদা রক্ষার পাশাপাশি প্রত্যেক সদস্যের নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করাও পরিবারের দায়িত্ব।উত্তরাধিকার সম্পত্তি: অধিকার জানেন তো?পারিবারিক বিরোধের অন্যতম প্রধান কারণ উত্তরাধিকার সম্পত্তি। বিশেষ করে বাবা-মায়ের মৃত্যুর পর সম্পত্তি বণ্টনের সময় মেয়েদের প্রাপ্য অংশ নিয়ে অনেক পরিবারে বিরোধ দেখা যায়। কখনো বলা হয়, বিয়ের সময় মেয়েকে কিছু দেওয়া হয়েছে, তাই বাবার সম্পত্তিতে তার আর কোনো দাবি থাকা উচিত নয়। আবার কখনো ভাইয়েরা নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ করে নিলেও বোনের অংশ নির্ধারণ করেন না।কিন্তু বিয়ের সময় উপহার দেওয়া কিংবা পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকার অধিকার বিলুপ্ত হয় না। উত্তরাধিকার নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্ম অনুযায়ী প্রযোজ্য ব্যক্তিগত আইন অনুসরণ করতে হয়।উদাহরণ হিসেবে, মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ব্যক্তি ছেলে ও মেয়ে উভয় সন্তান রেখে মারা গেলে সাধারণ নিয়মে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ অংশ পায়। তবে প্রকৃত অংশ নির্ধারণে মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী, বাবা-মা এবং অন্যান্য উত্তরাধিকারীর উপস্থিতিও বিবেচনা করতে হয়। অর্থাৎ শুধু ছেলে-মেয়ের সংখ্যা দিয়ে সব ক্ষেত্রে চূড়ান্ত অংশ নির্ধারণ করা যায় না।এ ধরনের বিরোধ এড়াতে মৃত্যুর পর সব বৈধ উত্তরাধিকারী শনাক্ত করা, প্রযোজ্য আইন অনুযায়ী তাদের অংশ নির্ধারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা জরুরি। শুধু ওয়ারিশ সনদ সংগ্রহ করলেই সম্পত্তির মালিকানা বা বণ্টন সম্পন্ন হয় না। আইন অনুযায়ী অংশ নির্ধারণ এবং যথাযথ বণ্টন নিশ্চিত করাও প্রয়োজন। উত্তরাধিকারীদের সম্মতিতে আইনসম্মত বণ্টননামা সম্পাদন ও প্রয়োজনীয় নিবন্ধনের ব্যবস্থা ভবিষ্যতের বিরোধ কমাতে সহায়ক হতে পারে।দাম্পত্য বিচ্ছেদে সন্তানের ভবিষ্যৎদাম্পত্য সম্পর্ক ভেঙে গেলে অনেক সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তান। বাবা-মায়ের বিরোধের কারণে সন্তানের ভরণপোষণ, পড়াশোনা, নিরাপত্তা এবং কার কাছে থাকবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়।ধরা যাক, বিবাহবিচ্ছেদের পর বাবা সন্তানের ভরণপোষণ দিতে অনীহা প্রকাশ করছেন। অন্যদিকে মা সন্তানকে নিজের কাছে রাখতে চান। এ অবস্থায় উভয় পক্ষের ব্যক্তিগত পছন্দের চেয়ে সন্তানের কল্যাণ ও সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।অভিভাবকত্ব ও সন্তানের হেফাজতের বিষয়ে আদালত প্রযোজ্য আইন এবং সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। অভিভাবকত্ব নির্ধারণের ক্ষেত্রে এঁধৎফরধহং ধহফ ডধৎফং অপঃ, ১৮৯০-ও গুরুত্বপূর্ণ। তাই শুধু বাবা বা মায়ের দাবি নয়, সন্তানের বয়স, নিরাপত্তা, পরিচর্যা ও সার্বিক কল্যাণ বিবেচনা করা প্রয়োজন।বাবা-মায়ের ব্যক্তিগত বিরোধের কারণে সন্তানের শিক্ষা, মানসিক বিকাশ ও স্বাভাবিক জীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে উভয়ের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।সব বিরোধের সমাধান কি মামলা?পারিবারিক বিরোধের ক্ষেত্রে একটি প্রচলিত ধারণা হলো, অধিকার প্রতিষ্ঠা করতে হলে সরাসরি মামলা করতে হবে। বাস্তবে সব বিরোধের জন্য মামলা প্রথম পদক্ষেপ হওয়া প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে পারিবারিক আলোচনা, আইনজীবীর মাধ্যমে সমঝোতা, মধ্যস্থতা কিংবা আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সম্ভব।পারিবারিক আদালত আইন, ২০২৩-এ বিচারিক কার্যক্রমের পাশাপাশি আপস-মীমাংসার সুযোগ রাখা হয়েছে। ফলে বিরোধের প্রকৃতি অনুযায়ী আদালতের বাইরে কিংবা আদালতের মাধ্যমে সমঝোতার উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে সময়, অর্থ ও পারিবারিক সম্পর্কের ক্ষতি কমানোর সুযোগ তৈরি হয়।তবে আপসের নামে কাউকে তার ন্যায্য অধিকার ছাড়তে বাধ্য করা যাবে না। বিশেষ করে নির্যাতন, হুমকি বা নিরাপত্তার ঝুঁকি থাকলে দ্রুত আইনগত সুরক্ষা নেওয়া জরুরি। কারণ, সব পরিস্থিতিতে আপসই উপযুক্ত সমাধান নয়।বিরোধের আগেই প্রয়োজন সতর্কতাপারিবারিক বিরোধ দেখা দেওয়ার পর প্রতিকার খোঁজার চেয়ে আগে থেকেই সচেতন থাকা বেশি কার্যকর। বিবাহের ক্ষেত্রে কাবিননামার শর্তাবলি ভালোভাবে বোঝা, দেনমোহরের বিষয়টি স্পষ্ট রাখা, সম্পত্তির দলিল ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা এবং উত্তরাধিকার সম্পত্তি নিয়ে অস্পষ্টতা না রাখা প্রয়োজন।পারিবারিক সম্পত্তি হস্তান্তর, দান, বণ্টন কিংবা কোনো সমঝোতার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত। শুধু মৌখিক প্রতিশ্রুতি বা পারিবারিক বিশ্বাসের ওপর নির্ভর করে গুরুত্বপূর্ণ সম্পত্তিসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।কোনো বিরোধ সৃষ্টি হলে আবেগের বশে কোনো নথিতে স্বাক্ষর করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের পরিবর্তে তথ্য-প্রমাণ সংরক্ষণ করে আইনজীবীর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। শুরুতেই সঠিক আইনি পরামর্শ নিলে অনেক ক্ষেত্রে দীর্ঘ মামলা, অর্থনৈতিক ক্ষতি ও সম্পর্কের অবনতি এড়ানো সম্ভব।সম্পর্ক রক্ষা হোক, অধিকারও সুরক্ষিত থাকুকপারিবারিক বিরোধের প্রভাব শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে সন্তান, আত্মীয়স্বজন এবং পরবর্তী প্রজন্মের জীবনেও। একটি সম্পত্তির বিরোধ বছরের পর বছর চলতে পারে, দাম্পত্য কলহ সন্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করতে পারে, আর আইনি অজ্ঞতা একজন মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে।পরিবারের শান্তি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও সহনশীলতার বিকল্প নেই। তবে সম্পর্ক রক্ষার নামে অন্যায় মেনে নেওয়া কিংবা অধিকার বিসর্জন দেওয়াও সমাধান নয়। প্রয়োজন এমন পারিবারিক পরিবেশ, যেখানে প্রত্যেকে অন্যের অধিকারকে সম্মান করবেন এবং বিরোধ দেখা দিলে আবেগের পরিবর্তে যুক্তি ও আইনের আশ্রয় নেবেন।পরিবার টিকে থাকে পারস্পরিক বিশ্বাসে, আর সেই বিশ্বাসের ভিত্তি শক্ত হয় যখন প্রত্যেক সদস্যের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকে।[লেখক: অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট]

পারিবারিক বিরোধ: অধিকার রক্ষায় প্রয়োজন আইনি সচেতনতা