সংবাদ
সংবাদ

মতামত

বহুমাত্রিক প্রতিভা শিল্পাচার্য সারদা চরণ উকিল

বাংলার শিল্প-সংস্কৃতির ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন, যাদের সৃজনশীলতা নিজ জন্মভূমির সীমানা অতিক্রম করে বৃহত্তর উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছে। শিল্পাচার্য সারদা চরণ উকিল তাদেরই একজন। চিত্রশিল্পী, শিল্পশিক্ষক, শিল্প-সংগঠক ও অভিনেতা—বিভিন্ন পরিচয়ে তিনি ভারতীয় উপমহাদেশের শিল্পকলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।বঙ্গীয় চিত্রকলার ঐতিহ্যনির্ভর নবজাগরণকে এগিয়ে নেওয়া এবং দিল্লিতে আধুনিক শিল্পশিক্ষার প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।১৮৮৮ সালের ১৪ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার ঢাকা জেলার ঐতিহাসিক বিক্রমপুরে জন্মগ্রহণ করেন সারদা চরণ উকিল। বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার এই প্রাচীন জনপদ বহু মনীষী, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসাধকের জন্মভূমি। বিক্রমপুরের মাটিতে জন্ম নেওয়া সারদা উকিল পরবর্তী সময়ে কলকাতা ও দিল্লিতে শিল্পচর্চার মাধ্যমে ভারতীয় চিত্রকলার জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।তার জীবন ও কর্মের বিশেষত্ব হলো, তিনি কেবল নিজে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হননি; বরং শিল্পশিক্ষার প্রসার, শিল্পীদের সংগঠিত করা এবং ভারতীয় শিল্পকলার নিজস্ব ধারাকে প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন।জন্ম, পরিবার ও বিক্রমপুরের আদি নিবাসসারদা চরণ উকিলের জন্ম ১৮৮৮ সালের ১৪ নভেম্বর। তার পুরো নাম সারদা চরণ উকিল। তিনি ছিলেন তিন ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ। তার দুই ভাই বরদা উকিল ও রণদা উকিলও পরবর্তী সময়ে চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।তাদের পরিবারের আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরে যা বর্তমানে মুন্সিগঞ্জ জেলার অন্তগত।  সারদা উকিলের নাতনি রিটা দে তার স্মৃতিচারণমূলক লেখায় জানিয়েছেন, উকিল পরিবারের আদি পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। মুসলিম সুলতানের কাছ থেকে ‘উকিল’ উপাধি পাওয়ার পর পরিবারটি এই উপাধিকে পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করে। পরবর্তী সময়ে পরিবারটি কলকাতায় চলে যায়।সারদা উকিলের নাতনির লেখায় বিক্রমপুরের আদি নিবাস এর কথা উঠে আসে, শিল্পী সারদা উকিলের প্রতি নাতনির শ্রদ্ধাঞ্জলি তে লিখেছেন রিটা দে- “উকিল পরিবারের আদি নিবাস ছিল ঢাকার (বাংলাদেশের রাজধানী) বিক্রমপুরে। তাদের পারিবারিক পদবি ছিল বন্দ্যোপাধ্যায়; তবে একজন মুসলিম সুলতানের দেওয়া ‘উকিল’ উপাধিটি পরবর্তীকালে তারা ব্যবহার করতে শুরু করেন। ১৯১০-এর দশকের কোনো এক সময়ে উকিল পরিবার কলকাতায় চলে আসে। ছোটবেলা থেকেই সারদা ছবি আঁকার প্রতি অনুরাগী ছিলেন, যার জন্য তাকে প্রায়শই বড়দের তিরস্কার শুনতে হতো। কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার ‘গুরু’।” রিটা দে আরও উল্লেখ করেছেন, ১৯১০-এর দশকে পরিবারটি কলকাতায় চলে যায়।অবনীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে শিল্পশিক্ষাছেলেবেলা থেকেই ছবি আঁকার প্রতি গভীর অনুরাগ ছিল সারদা উকিলের। পরবর্তী সময়ে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টে শিল্পশিক্ষা গ্রহণ করেন। সেখানে প্রখ্যাত শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। অবনীন্দ্রনাথের শিল্পভাবনা, ভারতীয় ঐতিহ্যনির্ভর চিত্ররীতি এবং প্রাচ্যশিল্পের নান্দনিকতা তাঁর শিল্পীজীবনকে গভীরভাবে প্রভাবিত করে।অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গড়ে ওঠা বেঙ্গল স্কুল অব আর্ট ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্পকলার নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। পাশ্চাত্য একাডেমিক চিত্ররীতির পাশাপাশি ভারতীয় ইতিহাস, পুরাণ, ধর্মীয় আখ্যান, ঐতিহ্য ও দেশীয় নন্দনতত্ত্বকে শিল্পের বিষয়বস্তু হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল এ ধারার অন্যতম লক্ষ্য।সারদা উকিল এই শিল্পভাবনার উত্তরাধিকার ধারণ করেন। বিশেষ করে ওয়াশ পেইন্টিং বা জলরঙের স্তরভিত্তিক কোমল প্রলেপের কৌশলে তিনি দক্ষতা অর্জন করেন। তাঁর ছবিতে সূক্ষ্ম রেখা, মৃদু রঙের ব্যবহার, কোমল আবহ এবং পৌরাণিক চরিত্রের নান্দনিক উপস্থাপন বিশেষভাবে লক্ষণীয়।দিল্লিতে শিল্পশিক্ষা ও আধুনিক শিল্প আন্দোলনের বিকাশ১৯১৮ সালে সারদা উকিল দিল্লিতে চলে যান। সেখানে লালা রঘুবীর সিংয়ের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্পশিক্ষক হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে মডার্ন স্কুল নামে পরিচিতি লাভ করে।দিল্লিতে অবস্থানকালে তিনি শুধু শিক্ষকতা করেই থেমে থাকেননি; নিজস্ব শিল্পশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। প্রথমদিকে নিজের বাসভবনে শিল্পচর্চা ও শিক্ষাদানের ব্যবস্থা করেন। ১৯২৬ সালে দিল্লির জনপথে প্রতিষ্ঠা করেন ‘সারদা উকিল স্কুল অব আর্ট’।প্রতিষ্ঠানটি দিল্লিতে আধুনিক শিল্পশিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তার দুই ভাই বরদা ও রণদাও পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। ফলে প্রতিষ্ঠানটি একপর্যায়ে উকিল পরিবারের শিল্পচর্চা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম ও ঐতিহাসিক পরিচিতি থেকে জানা যায়, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই শিল্পশিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিল্পশিক্ষার ঐতিহ্য বহন করে আসছে। পরবর্তী সময়ে এখান থেকে বহু শিল্পী ও শিল্পশিক্ষক তৈরি হয়েছেন।অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস সোসাইটি প্রতিষ্ঠায় অবদানভারতীয় শিল্পকলার বিকাশে সারদা উকিলের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো শিল্পীদের সংগঠিত করার উদ্যোগ। ১৯২৮ সালে তার ভাই বরদা ও রণদাকে সঙ্গে নিয়ে তিনি দিল্লিতে ‘অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস সোসাইটি’ প্রতিষ্ঠার উদ্যোগে যুক্ত হন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল ভারতীয় শিল্প ও কারুশিল্পের বিকাশ, শিল্পীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিল্পকর্মের প্রদর্শনী আয়োজন এবং দেশীয় শিল্পের পরিচিতি বিস্তৃত করা।সংগঠনটির ইতিহাস থেকে জানা যায়, ১৯২৮ সালে ভারতীয় শিল্পীদের সম্মিলিত উদ্যোগে দেশের শিল্পকর্ম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কার্যক্রম শুরু হয়। লন্ডনের ইন্ডিয়া হাউসের শিল্পসজ্জার জন্য ভারতীয় শিল্পীদের কাজ প্রদর্শনের উদ্যোগও এই সময়ের শিল্প-সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।উকিল ভাইদের এই উদ্যোগ ভারতীয় শিল্পীদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারদা উকিলের অবদান তাই শুধু ব্যক্তিগত শিল্পসৃষ্টিতে সীমাবদ্ধ ছিল না; তিনি শিল্পের সামাজিক ও প্রাতিষ্ঠানিক বিকাশেও সক্রিয় ছিলেন।চিত্রকলার বিষয়বস্তু ও শিল্পরীতির বৈশিষ্ট্যসারদা উকিলের চিত্রকলার অন্যতম বৈশিষ্ট্য ছিল ভারতীয় পুরাণ, ধর্মীয় আখ্যান ও ঐতিহ্যনির্ভর বিষয়বস্তুর কোমল ও নান্দনিক উপস্থাপন। তিনি ক্যানভাস, হাতে তৈরি কাগজ এবং রেশমি কাপড়েও ছবি আঁকতেন।শ্রীকৃষ্ণের জীবন, রাধাকৃষ্ণের আখ্যান, পৌরাণিক কাহিনি এবং গৌতম বুদ্ধের জীবন তাঁর শিল্পকর্মের উল্লেখযোগ্য বিষয়। তার ছবিতে ওয়াশ পেইন্টিংয়ের কোমল রঙের ব্যবহার এবং সূক্ষ্ম রেখার মাধ্যমে চরিত্র ও পরিবেশের আবহ তৈরি হতো।তার নাতনি রিটা দে-র স্মৃতিচারণে জানা যায়, সারদা উকিলের শিল্পকর্মের একটি বড় বৈশিষ্ট্য ছিল ছবির অবয়ব ও পটভূমির মধ্যে কোমল সামঞ্জস্য তৈরি করা। তার শিল্পকর্মে ক্যানভাসের পাশাপাশি হাতে তৈরি কাগজ ও রেশমি কাপড় ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেছেন।সারদা উকিলের বুদ্ধবিষয়ক চিত্রমালা তার শিল্পজীবনের বিশেষ উল্লেখযোগ্য কাজ। গৌতম বুদ্ধের জীবনকে কেন্দ্র করে তিনি ধারাবাহিক চিত্রকর্ম নির্মাণ করেছিলেন। এ চিত্রমালার মধ্যে ‘Buddha in Death Bed’ বিশেষভাবে পরিচিত। তার নাতনি ও সারদা উকিল স্কুল অব আর্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই চিত্রমালার মূল চিত্রগুলোর মধ্যে বর্তমানে পরিচিত মূল নিদর্শনটি ভারতের হায়দরাবাদের সালার জং জাদুঘরে সংরক্ষিত রয়েছে। অন্য কয়েকটি কাজের ছবি ও পোস্টকার্ডের মাধ্যমে পরিচিতি টিকে আছে।তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে ‘Cloud Messenger’ এবং কৃষ্ণকেন্দ্রিক চিত্রও শিল্প-সংগ্রাহক ও শিল্প-আলোচকদের কাছে পরিচিত।চলচ্চিত্রে অভিনয় : ‘দ্য লাইট অব এশিয়া’সারদা উকিলের প্রতিভা শুধু চিত্রকলায় সীমাবদ্ধ ছিল না। চলচ্চিত্রেও তিনি অভিনয়ের স্বাক্ষর রেখেছেন।১৯২৫ সালে জার্মান পরিচালক ফ্রাঞ্জ অস্টেন এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিমাংশু রাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাক চলচ্চিত্র ‘Prem Sanyas’ নির্মিত হয়। আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটি ‘The Light of Asia’ নামে পরিচিত। গৌতম বুদ্ধের জীবন ও বৌদ্ধধর্মের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে সারদা উকিল গৌতম বুদ্ধের পিতা রাজা শুদ্ধোদনের চরিত্রে অভিনয় করেন।চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত একজন মানুষের চলচ্চিত্রে এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় তাঁর বহুমুখী প্রতিভার পরিচয় বহন করে। চলচ্চিত্রটি ভারতীয় উপমহাদেশের প্রাথমিক আন্তর্জাতিক চলচ্চিত্র-ইতিহাসেরও একটি উল্লেখযোগ্য নিদর্শন।ব্যক্তিজীবন ও সাংস্কৃতিক পরিবেশসারদা উকিলের পারিবারিক জীবন সম্পর্কেও তার নাতনি রিটা দে-র লেখায় কিছু মূল্যবান তথ্য পাওয়া যায়। তার মেয়ে সীমা ঘোষের স্মৃতিচারণের ভিত্তিতে রিটা দে জানিয়েছেন, ছবি আঁকা ও শিল্পচর্চার সময় সারদা উকিল রবীন্দ্রসংগীত গাইতেন। সংগীতের প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল।তার সন্তানদের গান ও নাচ শেখার উৎসাহ দিতেন এবং পরিবারের মধ্যে একটি সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখতেন। দিল্লিতে তার প্রতিষ্ঠিত শিল্পশিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষাদানের জায়গা ছিল না; শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনকেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছিল।রিটা দে-র স্মৃতিচারণে আরও জানা যায়, বিভিন্ন দেশীয় রাজ্যের মহারাজা ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর কাছে প্রতিকৃতি আঁকাতে আসতেন। এতে তার শিল্পী হিসেবে সামাজিক গ্রহণযোগ্যতা ও খ্যাতির পরিচয় পাওয়া যায়।মৃত্যু১৯৪০ সালের ২১ জুলাই ভারতের নয়াদিল্লিতে মাত্র ৫১ বছর বয়সে সারদা চরণ উকিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় শিল্পজীবনের অবসান ঘটে। তবে তাঁর প্রতিষ্ঠিত শিল্পশিক্ষার ধারা এবং শিল্পকর্ম আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।বিক্রমপুরের গৌরবময় ইতিহাসে সারদা উকিলবিক্রমপুরের ইতিহাস শুধু রাজা-জমিদার, রাজনীতিবিদ কিংবা সাহিত্যিকদের ইতিহাস নয়; এই জনপদ জন্ম দিয়েছে এমন শিল্পী ও মনীষীদের, যারা নিজেদের সৃজনশীলতা ও কর্মের মাধ্যমে উপমহাদেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। শিল্পাচার্য সারদা উকিল তাদেরই একজন।তার জন্মবার্ষিকীতে বিক্রমপুরের এই কৃতী সন্তানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তার জন্মস্থান, পারিবারিক ইতিহাস, শিল্পকর্ম ও শিল্পজগতের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আমাদের অঙ্গীকারবিক্রমপুর (বর্তমান মুন্সীগঞ্জ) শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ও অসংখ্য মনীষীর জন্মভূমি। এই জনপদের গৌরবময় ইতিহাস ও কৃতী সন্তানদের অবদান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিক্রমপুর জাদুঘর নিরন্তর গবেষণা, তথ্য সংগ্রহ ও ইতিহাস সংরক্ষণের কাজ করে যাচ্ছে।সারদা উকিলের চিত্রকর্ম।জাদুঘরে বিক্রমপুরের কৃতী ব্যক্তিত্বদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে একটি বিশেষ গ্যালারি। সেখানে তাদের জীবন, কর্ম ও অবদানের পরিচিতি প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে।আমাদের লক্ষ্য—বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য ও কৃতী সন্তানদের স্মৃতি সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।আপনাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিক্রমপুর জাদুঘরে। এক ছাদের নিচে আবিষ্কার করুন সমগ্র বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাথা।শিল্পাচার্য সারদা চরণ উকিল শুধু একজন প্রখ্যাত চিত্রশিল্পী নন; তিনি বিক্রমপুরের এমন এক কৃতী সন্তান, যাঁর শিল্পসাধনা ও প্রাতিষ্ঠানিক অবদান ভারতীয় উপমহাদেশের শিল্পকলার ইতিহাসে স্থায়ী স্বাক্ষর রেখে গেছে।লেখক: গবেষক ও কিউরেটর, বিক্রমপুর জাদুঘর

বহুমাত্রিক প্রতিভা শিল্পাচার্য সারদা চরণ উকিল