বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্বল ঋণ মূল্যায়ন, সুশাসনের অভাব, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, ঋণ অনুমোদনে অনিয়ম এবং ঋণ আদায়ে দীর্ঘসূত্রতার কারণে খেলাপি ও অন্যান্য সমস্যাগ্রস্ত সম্পদের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
২০২৫ সালের শেষে এসব সংকটাপন্ন সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ দশমিক ৯২ লাখ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী, ওই সময় দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ দশমিক ২১ লাখ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ, পুনঃতফসিলকৃত ঋণ, অবলোপনকৃত ঋণ এবং আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা ঋণসহ বিভিন্ন ধরনের সংকটাপন্ন সম্পদের পরিমাণ ছিল ১০ দশমিক ৯২ লাখ কোটি টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ দশমিক ০৭ লাখ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে এই হার অত্যন্ত উদ্বেগজনক। দেশের ব্যাংকিং খাত যে গভীর সম্পদমানের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এসব পরিসংখ্যান তারই প্রতিফলন।
সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের ব্যাংকগুলোতে বিতরণ করা মোট সাড়ে ১৮ লাখ কোটি টাকা ঋণের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই এখন খেলাপি।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ ছিল খেলাপি। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫ লাখ ২ হাজার ৮৪৮ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ এই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছয় গুণের বেশি হয়েছে।
ডিএএমইউ মডেল কী?
এই সংকট মোকাবিলায় প্রস্তাব করা হয়েছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডিএএমইউ মডেল। এর আইনি ভিত্তি হিসেবে বাংলাদেশ ব্যাংক ‘দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। আইনটি চলতি বছরেই জাতীয় সংসদে উত্থাপনের কথা রয়েছে।
প্রস্তাবিত কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট (ডিএএমইউ)। এটি বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে একটি স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর লক্ষ্য দেশে সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার একটি কার্যকর বাজার গড়ে তোলা।
ডিএএমইউ নিজে কোনো খেলাপি ঋণ কিনবে না। বরং এটি হবে লাইসেন্স প্রদানকারী, নিয়ন্ত্রক ও তদারকি কর্তৃপক্ষ। ডিএএমইউর অনুমোদন নিয়ে বেসরকারি ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএএমসি) ব্যাংক থেকে খেলাপি ঋণ কিনবে। এরপর এসব ঋণ পুনরুদ্ধার, পুনর্গঠন, পুনঃতফসিল, জামানত ব্যবস্থাপনা কিংবা বিনিয়োগকারীদের কাছে বিক্রির মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা করবে। প্রয়োজনে ঋণ ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান এবং সমস্যাগ্রস্ত সম্পদ আদায়ের জন্য গঠিত বিশেষায়িত টাস্কফোর্সের সহায়তাও নেওয়া হবে।
অর্থাৎ, ডিএএমইউর মূল উদ্দেশ্য হলো ব্যাংকের স্থিতিপত্রে বছরের পর বছর আটকে থাকা সমস্যাগ্রস্ত সম্পদকে একটি প্রাতিষ্ঠানিক ও বাজারভিত্তিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
কেন এই মডেলের প্রয়োজন?
বাংলাদেশের ব্যাংকগুলো ঐতিহ্যগতভাবে নিজেরাই খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করে। কিন্তু অনেক ব্যাংকের পর্যাপ্ত দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি, বিশেষায়িত সম্পদ মূল্যায়নের সক্ষমতা কিংবা প্রয়োজনীয় আইনি দক্ষতা নেই। ফলে ঋণ আদায়ের মামলা বছরের পর বছর চলতে থাকে। এ সময়ে জামানতের মূল্য কমে যায় এবং অর্থ উদ্ধারের সম্ভাবনাও ক্রমে ক্ষীণ হয়।
ডিএএমইউর তত্ত্বাবধানে একটি কার্যকর বাজার গড়ে উঠলে সমস্যাগ্রস্ত ঋণও ক্রয়-বিক্রয়যোগ্য আর্থিক সম্পদে পরিণত হতে পারে। ব্যাংকগুলো উপযুক্ত মূল্য ও শর্তে এসব সম্পদ বিক্রি করে আটকে থাকা অর্থের একটি অংশ দ্রুত উদ্ধার করতে পারবে। এতে ব্যাংকের স্থিতিপত্রের ওপর চাপ কমবে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।
প্রস্তাবিত মডেলের সম্ভাব্য প্রভাব
ডিএএমইউ কার্যকরভাবে বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে কয়েকটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
প্রথমত, খেলাপি ঋণ ও অন্যান্য সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় ব্যাংকগুলো বিকল্প পথ পাবে। বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ উদ্ধারের চেষ্টা করা হলে ব্যাংকগুলোর নিজস্ব জনবল ও ব্যবস্থাপনার ওপর চাপ কমবে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান ৯ (আইএফআরএস ৯) অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতির বিপরীতে সংস্থান সংরক্ষণের চাপ মোকাবিলায় সহায়তা পাওয়া যেতে পারে।
তৃতীয়ত, সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার উন্নতি ব্যাংকের মূলধন পর্যাপ্ততা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। পাশাপাশি স্থিতিপত্রের গুণগত মান উন্নত হলে বিনিয়োগকারী ও আমানকারীদের আস্থা বাড়ার সুযোগ সৃষ্টি হবে।
চতুর্থত, ব্যাংকের আর্থিক সক্ষমতা উন্নত হলে উৎপাদনশীল খাতে নতুন ঋণ দেওয়ার সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে এই উদ্যোগ ব্যাসেল-৩ মূলধন কাঠামো, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান ৯ এবং ঝুঁকিভিত্তিক তদারকির লক্ষ্য অর্জনেও সহায়তা করতে পারে।
মডেলেই কি সমাধান?
ডিএএমইউ প্রতিষ্ঠা করলেই খেলাপি ঋণের সমস্যার সমাধান হয়ে যাবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। বরং এর সফলতা নির্ভর করবে প্রতিষ্ঠানটির পরিচালনা কতটা স্বচ্ছ, স্বাধীন ও পেশাদার হয়, তার ওপর।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক মূল্যায়ন। প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে এসব ঋণ কেনা হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার অযৌক্তিকভাবে কম দামে বিক্রি করা হলে ব্যাংকের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে। তাই স্বচ্ছ, বাজারভিত্তিক ও স্বাধীন মূল্যায়নব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
দ্বিতীয়ত, ডিএএমইউর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক, করপোরেট বা অন্য কোনো প্রভাব এর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করলে পুরো উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
তৃতীয়ত, দক্ষ ঋণ ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান, পেশাদার মূল্যায়নকারী, বিশেষায়িত আইনজীবী এবং দ্রুত বিচারব্যবস্থা ছাড়া এই কাঠামো কার্যকর করা কঠিন হবে।
চতুর্থত, ডিএএমইউ যেন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দায়মুক্তির সহজ পথ তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া ঋণগ্রহীতা এবং ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করা ব্যক্তিদের একইভাবে বিবেচনা করলে নৈতিক ঝুঁকি আরও বাড়বে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা
মালয়েশিয়ার দানাহার্তা (ডানাহার্তা), দক্ষিণ কোরিয়ার কেএএমসিও (ক্যামকো) এবং ভারতের ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (এনএআরসিএল) দেখিয়েছে, সুশাসন, স্বচ্ছতা, শক্তিশালী আইনি ক্ষমতা ও পেশাদার ব্যবস্থাপনা থাকলে সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় বিশেষায়িত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে বাংলাদেশের জন্য শুধু এসব প্রতিষ্ঠানের কাঠামো অনুকরণ করলেই হবে না। তাদের অভিজ্ঞতা থেকে মূল শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, শক্তিশালী আইনি কাঠামো, সম্পদের সঠিক মূল্যায়ন, স্বচ্ছতা এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিচালনাকে গুরুত্ব দিতে হবে।
প্রস্তাবিত ডিএএমইউ গঠন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তবে এর পাশাপাশি ব্যাংকিং খাতে দীর্ঘদিনের দুর্বল ঋণশৃঙ্খলা এবং বড় ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়ার সংস্কৃতিরও অবসান ঘটাতে হবে। প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য ঋণ পুনর্গঠন বা পুনঃতফসিলের সুযোগ থাকা উচিত। কিন্তু ইচ্ছাকৃত ঋণখেলাপি, অর্থ আত্মসাৎ কিংবা ঋণের অপব্যবহারের ক্ষেত্রে বারবার নীতিগত সুবিধা দেওয়া হলে ঋণশৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
বাংলাদেশ ব্যাংককে তাই একই সঙ্গে দুটি পথে এগোতে হবে। একদিকে ডিএএমইউর মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদের জন্য একটি কার্যকর বাজার ও পেশাদার ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে হবে। অন্যদিকে ইচ্ছাকৃত ঋণখেলাপি, অর্থ আত্মসাৎ এবং ঋণের অপব্যবহারের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে প্রস্তাবিত ডিএএমইউ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্কারের ভিত্তি হতে পারে। তবে এর পাশাপাশি শক্তিশালী ঋণ মূল্যায়ন, সুশাসন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছ ঋণ অনুমোদন, কঠোর নজরদারি এবং দ্রুত ঋণ আদায়ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তাহলেই এই মডেল বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও সুস্থ, স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবে।
এ ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া জরুরি। সত্তরের দশকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে লিড ব্যাংক স্কিম চালু করা হয়েছিল। কিন্তু কৃষি অর্থনীতির রূপান্তরে এই কর্মসূচি প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি। অতএব, শুধু নতুন প্রতিষ্ঠান বা মডেল গঠনই যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়ন, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি ফলাফল নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: সাবেক ডিন, ব্যবসায় ও অর্থনীতি অনুষদ এবং সিন্ডিকেট সদস্য, সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ]

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন