ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মাসুম রানা অনার্স-মাস্টার্স শেষ করেও চাকরি পাননি। তাই কারও কাছে হাত না পেতে আত্মসম্মান বাঁচাতে ঢাবি ক্যাম্পাসেই শুরু করেছেন ক্ষুদ্র ব্যবসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকে ব্রেইল পদ্ধতিতে উচ্চশিক্ষা শেষ করেছেন মাসুম রানা। ছাত্ররাজনীতিতেও ছিলেন সক্রিয়, ডাকসু নির্বাচনেও অংশ নিয়েছিলেন। কিন্তু কোটা বা পরিচিতি কোনো কিছুই তাকে একটি চাকরি এনে দিতে পারেনি। অটোরিকশাচালক বাবার স্বপ্ন ছিল ছেলে চাকরি করবে, কিন্তু বাস্তবতা কঠিন। তবুও স্ত্রী-কে পাশে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছোট্ট একটি ব্যবসা দাঁড় করিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। মাসুম রানার এই অদম্য লড়াই প্রমাণ করে, চোখে আলো না থাকলেও বেঁচে থাকার স্বপ্ন কতটা উজ্জ্বল হতে পারে!