সংবাদ

বিটিভির নতুন মহাপরিচালক, কে এই কাজী জেসিন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক বা ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন ক‌বি, গণমাধ্যমকর্মী ও সংবাদ উপস্থাপিকা কাজী জেসিন। বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী তাকে গ্রেড-১ ভুক্ত এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এক বছরের চুক্তিতে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে স্পষ্ট শর্ত দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালনের আগেই কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পুরোপুরি ত্যাগ করতে হবে। এই শর্ত সাপেক্ষেই তাকে বিটিভির সর্বোচ্চ প্রশাসনিক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মূলধারার সংবাদমাধ্যম ও সম্প্রচার সাংবাদিকদের সঙ্গে যুক্ত থাকা কাজী জেসিনের এই নতুন প্রশাসনিক দায়িত্ব গ্রহণকে বেশ তাৎপর্যপূর্ণ বলে দেখছেন সংশ্লিষ্টরা।