সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। কার্যক্রম চালুর প্রথম দিনে প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এসব গ্রাহক প্রথম দিনেই তাদের জমা রাখা মোট এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও উপ-শাখায় এই টাকা উত্তোলনের আবেদন গ্রহণ করা হয়। কার্যক্রমের শুরুতেই ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ব্যাংক কর্মকর্তারাও উপস্থিত গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন। ব্যাংক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুনির্দিষ্ট নিয়ম মেনেই আমানত ফেরতের এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট শাখা বা উপ-শাখায় সশরীরে উপস্থিত হয়ে গ্রাহকদের আবেদন জমা দিতে হচ্ছে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের হাতে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরআগে, তীব্র সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক; এই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। নতুন এই ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সুনির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করেছে।