ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে হাজারো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (৪ জুন) আসরের নামাজের পর ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার নিজ বাড়ির মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন খলিফা পট্টি মসজিদের খতিব মাওলানা মজির উদ্দিন। ভোলা জেলার সাতটি উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেন।সরেজমিনে দেখা যায়, তোফায়েল আহমেদের বাড়ির মসজিদ ও পারিবারিক কবরস্থানের আশপাশে এক অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়। মাহফিলে আসা অনেকেই তোফায়েল আহমেদের ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে পদার্পণের স্মৃতিচারণা করেন। এ সময় তার রাজনৈতিক প্রজ্ঞা, সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মানবিকতার নানা দিক উঠে আসে।দোয়া ও মিলাদ মাহফিলে দল-মত-নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।