ফরিদপুরের মধুখালীতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই যমজ শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো মো. তাইব (৫) ও মো. তাহমিদ (৫)। তারা ওই গ্রামের মো. আকাশ শেখের ছেলে। দুই শিশুর অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন ভূষণা লক্ষ্মণদিয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের পাশে থাকা ওই দুই শিশু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।