ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের (ধর্ষণচেষ্টা) দায়ে মো. হাকিম বিশ্বাস (৫৮) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাকিম বিশ্বাস মধুখালী উপজেলার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে শিশুটির মা তার অসুস্থ শাশুড়ির কাছে মেয়েকে রেখে কেনাকাটার জন্য মধুখালী বাজারে যান। বিকেলে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, প্রতিবেশী হাকিম বিশ্বাস তার শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছেন। এ ঘটনায় পরদিন ৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দিয়েছেন। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।’
আপনার মতামত লিখুন