মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কেমিস্ট ছাড়াই মানহীন প্রসাধনী উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নিমতলা কোটগাঁও এলাকার ‘ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরি’তে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, কারখানাটিতে কোনো যোগ্য কেমিস্ট ছাড়াই বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইলপলিশ রিমুভার ও ফেসিয়াল স্ক্রাবসহ বিভিন্ন প্রসাধনী তৈরি করা হচ্ছিল। উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষার কোনো ব্যবস্থা সেখানে নেই, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি।অধিদপ্তর সূত্রে জানা যায়, এসব অনিয়মের দায়ে কারখানাটির ব্যবস্থাপক আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবিলম্বে যোগ্য কেমিস্ট নিয়োগ দিয়ে এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে পণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।