সংবাদ

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদের পানিতে পড়ে গেছে ‘দর্শনা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৬ জন যাত্রী।শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন–চুয়াডাঙ্গা সদরের বাসস্ট্যান্ড পাড়ার মৃত আজিবর রহমানের ছেলে ও বাসের সুপারভাইজার রোকনুজ্জামান রঞ্জু (৫৭), চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার শ্রী মিলন কুমারের ছেলে ও বাসের হেলপার শ্রী চঞ্চল বিশ্বাস (২৩) এবং দামুড়হুদার শিবনগর এলাকার মিজানুর রহমানের ছেলে ও বাসের যাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২)।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। বেপরোয়া গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের নিরাপত্তাবেষ্টনী (রেলিং) ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন–হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), হাসিব (২২) (সবাই চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা এলাকার বাসিন্দা); মেহেরপুরের মুজিবনগরের গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬); ঝিনাইদহের মহেশপুরের অনিফিন (১৭) ও তিশা (২৪); চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার সন্দীপন বসু (৪০) ও বোরহান উদ্দিন (৫৫); ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০) এবং মাগুরা সদরের রায়হান (২১)।দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা আহত ব্যক্তি ও তাঁদের স্বজনদের ভিড় দেখা যায়। নিহতদের স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।/ 

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩