সংবাদ

কালিহাতীতে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।নিহত শ্রমিকেরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হাসমত (২০) ও আশরাফ (৩০)। তারা একটি প্রতিষ্ঠানের অধীনে ওই এলাকায় সড়ক সংস্কারের কাজে নিয়োজিত ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে যমুনা সেতু থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে কর্মরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক নিহত হন। দুর্ঘটনার সময় সেখানে মোট ১৯ জন শ্রমিক কাজ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, আহত শ্রমিকদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালিহাতীতে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত