সংবাদ

প্রতিবেশীর ফাঁকা বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের প্রতিবেশী এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের বেলকনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে। পরিবারের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশী নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ফাঁকা ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে নাঈমের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাঈম মানসিক অসুস্থতার কারণে ইতিপূর্বে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে নিজের বাড়ি ছেড়ে প্রতিবেশীর ফাঁকা বাড়ির বেলকনিতে মরদেহ পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিবেশীর ফাঁকা বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার