ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চাপায় রাফিয়া খাতুন নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত রাফিয়া ওই গ্রামের রাহাজ উদ্দিনের মেয়ে।স্বজন ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে রাস্তার ধারে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল রাফিয়া। এ সময় দ্রুতগতির একটি মোটরচালিত পাখিভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সদস্যরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।