শান্ত-সবুজ পরিবেশ, পাশে বয়ে চলা পানির ধারা আর মাথার ওপরে খোলা আকাশ-প্রকৃতির এমন মনোমুগ্ধকর আবহে গড়ে তোলা হয়েছে এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট। তবে এটি মাটিতে নয়, বরং একটি বিশাল বটগাছের ওপর কাঠের মাচা তৈরি করে সাজানো হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারসংলগ্ন ঘোড়দহ গ্রামে গেলেই দেখা মিলবে এই ‘বৃক্ষ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’-এর।
ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন কনক হোসেন ও আবির হাসান নামে স্থানীয় দুই কলেজপড়ুয়া তরুণ। তাদের এই সৃজনশীল চিন্তা ইতিমধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন ভিন্নধর্মী এক অভিজ্ঞতার স্বাদ নিতে।
সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটিতে উঠতে হলে গাছের গায়ে লাগানো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। কাঠ দিয়ে তৈরি প্রশস্ত মাচায় বসে চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করা যায়। পাখির কিচিরমিচির আর মৃদুমন্দ বাতাসে এক কাপ চা বা কফির আড্ডা যেন আতিথেয়তায় নতুন মাত্রা যোগ করে। শহরের কোলাহল ভুলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পরিবার নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা।
ঢাকা থেকে বেড়াতে আসা রাকিব হাসান বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। গাছের ওপর বসে চা খাওয়া সত্যিই অসাধারণ। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেছে।’
স্থানীয় চাকলাপাড়া এলাকার বাসিন্দা শিউলি খাতুন বলেন, ‘আমাদের এলাকায় এমন কিছু হবে ভাবতেই পারিনি। এখন অনেক মানুষ এখানে আসছেন, এতে এলাকার পরিচিতিও বাড়ছে।’
উদ্যোক্তা কনক হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম মানুষকে একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে, যাতে তারা প্রকৃতির কাছাকাছি এসে কিছু সময় শান্তিতে কাটাতে পারেন।’
অন্য উদ্যোক্তা আবির হাসান জানান, শুরুটা ছোট পরিসরে হলেও ভবিষ্যতে এখানে একটি মিনি পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিণাকুণ্ডু সড়কের চারাতলা বাজারের পাশেই এই রেস্টুরেন্টের অবস্থান। ঝিনাইদহ শহর থেকে হলিধানী বাজার হয়ে কাতলামারী-চারাতলা সড়ক দিয়েও সহজে সেখানে পৌঁছানো যায়।
আপনার মতামত লিখুন