সংবাদ

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামির নাম তাহাজুদ্দিন মন্ডল। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ওই স্কুলছাত্রী নিজ বাড়ির টয়লেটে যাওয়ার জন্য বের হলে প্রতিবেশী তাহাজুদ্দিন মন্ডল তার মুখ চেপে ধরেন। পরে পাশের একটি বাঁশবাগানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্বজনরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে উপযুক্ত সাজা দিয়েছেন। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।’

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন