সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মারিয়া নামের দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বারুইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া মারিয়া ওই গ্রামের রিয়াজুল শেখের মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে খেলা করছিল মারিয়া। একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যায়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী পানিতে ডুবে শিশু মারিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।