সংবাদ

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৩শ বোতল মাদকসহ দম্পতি গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল ও মাদকজাতীয় সিরাপসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৭)। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি দল কোরবান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার আধা পাকা বসতঘরের ভেতর তল্লাশি চালিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়।র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি স্বীকার করেছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুত করে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন তারা।এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। উদ্ধার করা আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।\ 

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৩শ বোতল মাদকসহ দম্পতি গ্রেপ্তার