সংবাদ

সাহিত্য

সেবা প্রকাশনীর সব কার্যক্রম স্থগিত

দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।সেবা প্রকাশনী দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় এটি প্রতিষ্ঠা করেন। প্রকাশনীটি অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী ও অনুবাদ সাহিত্যের জন্য পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।তবে ২০২২ সালের ১৯ জানুয়ারি কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই সেবা প্রকাশনীর কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানতে কাজী শাহানূর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কাজী মাইমুর হোসেনের স্ত্রী মাসুমা মাইমুর বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট‌্যটাস দেন। তিনি জানান, এটি কোনো পারিবারিক দ্বন্দ্ব নয় বরং প্রতিষ্ঠানকে রক্ষা করতেই এই পদক্ষেপ।তিনি বলেন, "পারিবারিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে পারিবারিক কোনো দ্বন্দ্ব-সংঘাত নেই।" বর্তমানে কাজী আনোয়ার হোসেনের দুই ছেলে কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন এবং বাবার জীবদ্দশাতেই মাসুমা মাইমুর উপদেষ্টার দায়িত্ব পান।​প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে মাসুমা মাইমুর আরও বলেন, "কাজী মাইমুর হোসেন অসুস্থ রয়েছেন। বড় ভাই কাজী শাহানূর হোসেন সহজ-সরল মানুষ। তার অগোচরে প্রতিষ্ঠানের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করছিলেন।" তিনি জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গত ছয় মাস ধরে তিনি গোপনে অনুসন্ধান চালান। অনুসন্ধানে দেখা যায়, বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রের বই বিক্রির টাকা ঠিকমতো জমা না দিয়ে কৌশলে সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়া অব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক নতুন প্রকল্পগুলোও ব্যর্থ হচ্ছিল। এসব অনিয়ম ধরা পড়ার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ​ইতিমধ্যেই এসব অভিযোগের ভিত্তিতে রাজধানীর রমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাসুমা মাইমুর পাঠকদের আশ্বস্ত করে বলেন, খুব দ্রুত অডিট বা নিরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে সেবা প্রকাশনী আবার নতুন উদ্যমে পাঠকদের সামনে ফিরে আসবে। এই সংকটময় মুহূর্তে তিনি পাঠকদের ধৈর্য ধরে প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সেবা প্রকাশনীর সব কার্যক্রম স্থগিত