তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা এমনভাবে চর্চা করতে হবে যাতে সাধারণ মানুষের মধ্যে দল বা সরকারের প্রতি কোনো অসন্তোষ তৈরি না হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সরকারের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এ কারণেই অন্য সরকারগুলো হারিয়ে গেলেও জাতীয়তাবাদের সরকার বারবার ফিরে আসে। আমাদের মেয়াদের এই সময়েও জনসেবার মাধ্যমে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।’
দলের স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ক্ষমতাসীন দলের বা আমার নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপরাধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। নেতাকর্মীদের মধ্যে কেউ যদি অপরাধ করে, তবে সাধারণ মানুষ প্রমাণসহ আমার কাছে আসবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেব।’
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জুয়েল সরদার ও প্রধান শিক্ষক মো. নুরুল আলম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন