দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে কীভাবে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ করা যায়, সে বিষয়ে আলোকপাত করেছেন বিশিষ্ট চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক। তিনি বলেন, ‘সঠিক ও সুষম খাদ্যাভ্যাসই হতে পারে শরীরের জন্য সবচেয়ে বড় ওষুধ।’
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই অধ্যাপক তার বক্তব্যে বলেন, বর্তমানে হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের মূল কারণ হলো অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মিত জীবনযাপন। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত ভাজাপোড়া বর্জন করে প্রাকৃতিক খাবারের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
ড. মজিবুল হক জানান, দিনের শুরুটা হওয়া উচিত চা বা কফির বদলে পর্যাপ্ত পানি পানের মাধ্যমে। এছাড়া টাইপ-২ ডায়াবেটিসকে শুধু রক্তে শর্করার সমস্যা হিসেবে না দেখে বিপাকীয় ব্যবস্থার ত্রুটি হিসেবে দেখার আহ্বান জানান। তার মতে, ওষুধের পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম সুস্থতার প্রধান অনুষঙ্গ।
আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) অর্থ উপদেষ্টা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। সেমিনারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান দেন ড. মজিবুল হক।
আপনার মতামত লিখুন