ফেনীর সোনাগাজীতে মাত্র ৪০ সেকেন্ডের আকস্মিক টর্নেডোর তাণ্ডবে অন্তত ৩৫টি পরিবার লন্ডভন্ড হয়ে গেছে। রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ ধেয়ে আসা এই ঝড়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডো আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এই ঝড়ে গ্রামের চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং শতাধিক গাছপালা ভেঙে যায়। ঝড়ে ছোট-বড় অন্তত ২০টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তীব্র বাতাসে ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে পড়ে।
প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণে দেখা যায়, এই প্রাকৃতিক দুর্যোগে গ্রামটির প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। হঠাৎ করে বসতভিটা ও গাছপালা হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হাহাকার বিরাজ করছে।
ঝড়ের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সত্তরোর্ধ্ব সাহাব উদ্দিন বলেন, ‘আমার ৭০ বছরের জীবনে এমন ঝড় আর কখনো দেখিনি। চোখের পলকে যেন কিয়ামত নেমে এসেছিল।’
ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। তাদের জরুরি সরকারি সহায়তার আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। দ্রুতই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন