সাতক্ষীরা সদরে মাছের ঘের থেকে সুমন হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার কৈখালী গ্রামের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি জামায়াত নেতা ও ইসলামী বক্তা মাওলানা মনোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সুমন। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ সকালে স্থানীয় লোকজন কৈখালী এলাকার একটি মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সুমনের বাবা আব্দুল হামিদ বলেন, ‘রাতে খেলা দেখতে যাওয়ার পর থেকে ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে শুনি ঘেরের মধ্যে ওর লাশ পাওয়া গেছে। মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল।’
মাওলানা মনোয়ার হোসেন দাবি করেন, মরদেহের আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাকে টেনেহিঁচড়ে নিয়ে পোশাক খুলে নেওয়া হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন