মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ও প্রায় ঘণ্টাখানেকের বাগ্বিতণ্ডা শেষে বাধা ডিঙিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার ‘চা-কন্যা’ ভাস্কর্যসংলগ্ন ব্যারিকেড পার হয়ে হবিগঞ্জের পথে যাত্রা করেন।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আতিক মুজাহিদ এমপি ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের প্রবেশমুখে পুলিশের একটি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহরটি। হবিগঞ্জে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ও ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে পুলিশ তাদের সেখানে না যাওয়ার অনুরোধ জানায়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাদের প্রায় এক ঘণ্টা বাগ্বিতণ্ডা ও আলোচনা চলে। শেষ পর্যন্ত বিকেল ৫টার দিকে ব্যারিকেড সরিয়ে নিলে নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।
এর আগে গতকাল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে।
আপনার মতামত লিখুন