মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুটি বিষহীন সাপ উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তবে এর আগে লোকজনের আতঙ্কে পিটুনি খেয়ে একই প্রজাতির আরেকটি সাপ মারা গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ও দুপুরে শহরের পৃথক এলাকায় সাপ দুটি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের নির্মাই শিববাড়ি সড়ক সংলগ্ন একটি ধানখেতে স্থানীয় লোকজন দুটি সাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমে যায়। এ সময় আতঙ্কিত কয়েকজন লোক একটি সাপকে পিটিয়ে মেরে ফেলেন।
সেখানে উপস্থিত মোজাহিদ মিয়া নামের এক ব্যক্তি অন্য সাপটি মারতে নিষেধ করেন এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। সেটি একটি বিষহীন ‘দাঁড়াশ’ সাপ ছিল। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে শহরের সাগরদিঘী সড়কের ‘দীপালী এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আরেকটি সাপ দেখতে পান এর স্বত্বাধিকারী পীযূষ পাল। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সেখান থেকে একটি ‘ঘরগিন্নি’ সাপ উদ্ধার করেন। পরে এটিও বন বিভাগে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘উদ্ধার হওয়া দাঁড়াইশ ও ঘরগিন্নি উভয় প্রজাতির সাপই বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। বরং এগুলো ইঁদুর খেয়ে ফসলের সুরক্ষা দেয় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে।’ সাপ দেখলে আতঙ্কিত হয়ে না মেরে বন বিভাগ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
/
আপনার মতামত লিখুন