নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে, কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া নয়টার দিকে বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকার নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশে একটি ক্যানেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মর্তুজা উপজেলার বদলগাছী হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মর্তুজাকে হাত-পা ও মুখ বেঁধে এবং কোমরে পাঁচটি ইট বেঁধে ক্যানেলে ফেলে রেখে পালিয়ে যায়। পাশে থাকা একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল শব্দ পেয়ে টর্চলাইটের আলো ফেললে ক্যানেলের ভেতর মর্তুজাকে দেখতে পান। তার চিৎকার ও খবরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন