কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গোরস্থান কমিটিকে দাবিকৃত টাকা দিতে না পারায় নাসির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। পরে স্থানীয় এক নেতার পারিবারিক গোরস্থানে ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়।
নাসির উদ্দিন ওই গ্রামের মৃত আমদ আলীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে স্থানীয় ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে জমিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান নাসির উদ্দিন। তার তিন মেয়েই শিক্ষকতা করেন। বড় মেয়ে নাসিমা খাতুন জানান, স্থানীয় পুরাতন আজমপুর গোরস্থানে দাফনের জন্য যোগাযোগ করা হলে কমিটি উন্নয়ন কাজের নামে ৪০ থেকে ৪৫ হাজার টাকা দাবি করে। তাৎক্ষণিক কিছু টাকা এবং বাকিটা পরে দেওয়ার প্রস্তাব দিলেও কমিটি দাফনের অনুমতি দেয়নি।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। প্রায় সাড়ে নয় ঘণ্টা লাশ পড়ে থাকার পর ওয়ার্ড সদস্য আশরাফুল হক আশার হস্তক্ষেপে তার ব্যক্তিগত পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।
সদরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাজ্বী আতিয়ার হোসেন বলেন, ‘শুনেছি পুরাতন আজমপুর গোরস্থানে দাফন করতে হলে কমিটিকে টাকা দিতে হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লাশ দাফনে বাধা দেওয়া ঠিক নয়।’
তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন পুরাতন আজিমপুর গোরস্থান কমিটির সভাপতি আবুল হোসেন। তিনি বলেন, ‘গোরস্থানে সদস্য সংখ্যা বেশি কিন্তু জায়গা কম। নাসির উদ্দিন গোরস্থানের সদস্য ছিলেন না, তাই সদস্যরা রাজি হননি।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন।
আপনার মতামত লিখুন