নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি একটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে স্বচ্ছভাবে শেষ করে বরাদ্দের প্রায় অর্ধেক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের একটি প্রকল্পে এ অর্থ সাশ্রয় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার এলাকা পুনঃখনন ও বৃক্ষরোপণ করা হয়।
এই কাজের জন্য সরকার ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩ টাকা বরাদ্দ দিয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিবিড় তদারকি ও স্বচ্ছ ব্যবস্থাপনায় প্রকল্প শেষে ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা উদ্বৃত্ত থাকে। সাশ্রয় হওয়া এই বিশাল অংকের টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খাল দুটি পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে এবং সেচ সুবিধা বাড়ায় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
মনোহরদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল) বলেন, “নির্ধারিত সময়ে মানসম্মত কাজ শেষ করে বরাদ্দের বড় একটি অংশ ফেরত দেওয়া সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে জবাবদিহি থাকলে উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগনের অর্থও সাশ্রয় করা সম্ভব।”
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, “সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা ও মাঠপর্যায়ের কঠোর তদারকির কারণেই এটি সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য ছিল জনস্বার্থে কাজের মান বজায় রাখা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। কাজ শেষে সাশ্রয় হওয়া অর্থ কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”
আপনার মতামত লিখুন