জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পাহাড়ধসের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
সোমবার (১০ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলায় জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাচিংপ্রু জেরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি ও ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনা বাড়ছে। গাছপালা কমে যাওয়ায় মাটির ক্ষয় ও এই ঝুঁকি আরও প্রকট হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা করতে হবে।’
এ সময় তিনি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাঠ ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ এবং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
আয়োজক পক্ষ জানায়, কর্মসূচির আওতায় রোয়াংছড়িতে ২০ হাজার এবং পুরো জেলায় এ বছর মোট ৫০ হাজার চারা রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন