ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দুটির কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো-শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ও মজর আলী আকন্দ দাখিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। অন্যদিকে, বাকতা শ্রীপুর গ্রামের মজর আলী আকন্দ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১১ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো এমপিওভুক্ত হয়নি। প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসত না। অভিভাবক সমাবেশ করেও সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও শিক্ষকদের বেতন দিতে না পারায় তাদের ওপর চাপ প্রয়োগ করতে না পারাও এই ফলাফল বিপর্যয়ের কারণ।’
উপজেলায় এবার ৭০টি বিদ্যালয় থেকে ৪ হাজার ২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২ হাজার ৮ জন পাস করেছে। পাসের হার ৪৬.৯৪ শতাংশ। ৫২টি মাদ্রাসা থেকে ১ হাজার ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০৯ জন; পাসের হার ৩৮.২১ শতাংশ। আর ভোকেশনালে পাসের হার ৫৬.৫৬ শতাংশ। সব মিলিয়ে উপজেলায় ১৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর মধ্যে ব্যতিক্রম চিত্র দেখা গেছে ভালুকজান মডেল বালিকা একাডেমি উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করায় প্রতিষ্ঠানটি শতভাগ পাসের তালিকায় নাম লিখিয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠান কাগজে-কলমে শিক্ষার্থী দেখিয়ে পরীক্ষা দেওয়ায় এমনটি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন