এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কাছে ব্যাখ্যা তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ‘নিয়মবহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে তলব করা হয়েছে। একই সঙ্গে পাসের হার শূন্য হওয়া অন্য পাঁচটি স্কুলের কাছেও জবাব চাওয়া হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়।
নাসিমা কাদির মোল্লা হাই স্কুল কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনের পেছনে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী এবং এসএসসিতে ফরম পূরণকারী শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সশরীর উপস্থিত হয়ে জমা দিতে বলা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষককে শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে এসব বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
অন্যদিকে, পাসের হার শূন্য হওয়া কিশোরগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর বনগ্রাম আতারুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও জালদিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এবং সলিমাবাদ আনোয়ার খন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরও সশরীর তলব করা হয়েছে। টানা ব্যর্থতার কারণ এবং কেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, কোনো বিশেষ কৌশলে জিপিএ-৫ বৃদ্ধি বা নির্বাচনী পরীক্ষায় কৃত্রিমভাবে শিক্ষার্থী ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করতেই এই তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন