পরিবহন মালিকদের দীর্ঘদিনের বিরোধ ও পাল্টাপাল্টি হামলার জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে তারা মাহেন্দ্র, ইজিবাইক ও থ্রি-হুইলারে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ী ও ফরিদপুর পরিবহন মালিক গ্রুপের মধ্যে ট্রিপের সংখ্যা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলের অভিযোগ, ফরিদপুরের ‘গোল্ডেন লাইন’ পরিবহনকে রাজবাড়ী রুটে মাত্র ৪টি ট্রিপের অনুমতি দেওয়া হলেও তারা প্রতিদিন নিয়মবহির্ভূতভাবে ২০ থেকে ২৫টি ট্রিপ চালাচ্ছে। এর বিপরীতে রাজবাড়ীর পরিবহনগুলো ফরিদপুর রুটে সমান সুযোগ পাচ্ছে না।
বিরোধের জেরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর ‘রেখা পরিবহন’-এর একটি বাস আটকে কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছাড়া বৃহস্পতিবার (২০ আগস্ত) সকালে ফরিদপুরে ‘একতা পরিবহন’-এর এক কর্মচারীকে লাঞ্ছিত করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় মালিক পক্ষ।
ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরুপ রায় অপু জানান, সমস্যা সমাধানের জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও জানানো হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ও ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জানান, যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। উভয় জেলার মালিক সমিতির সঙ্গে প্রশাসনিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন