পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে কৃষক, ব্যবসায়ী, নির্মাণশ্রমিক এবং দিনমজুরদের নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে চাঁদা আদায়ের ফলে পাহাড়ের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়, বাড়ছে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ, গুম ও খুনের মতো অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন পিসিএনপির জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ সংগঠনের স্থানীয় নেতারা। মানববন্ধন থেকে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন