ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই বাসিন্দা নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে তাদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ব্যক্তিরা হলেন - সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে আলীমুজ্জামান সাজু (৪৫) এবং একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার। আলীমুজ্জামান সাজু পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলীমুজ্জামান সাজু চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। বুধবার (১৯ আগস্ট) তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে পরিবার খবর পায় যে, তিনি কলকাতায় হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, রেবতী সরকারও চিকিৎসার জন্য ভারতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। তার বাড়িতে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ। স্থানীয়রা জানান, তার স্বামী ভবেশ সরকার ভিসার কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, নিহত আলীমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য উপ-হাইকমিশনের মাধ্যমে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। রেবতী সরকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ওই হোটেলে অন্তত ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন